যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি আসন্ন নির্বাচনে বড় পরাজয়ের মুখোমুখি হতে পারে। এমনকি এই পরাজয় ১৯৯৭ সালে লেবার পার্টির কাছে বড় ব্যবধানের পরাজয়ের রেকর্ডও ভাঙতে পারে। ইউগভ পরিচালিত একটি মতামত জরিপে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই পূর্বাভাস প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ। ১৪ হাজার ভোটারের ওপর জরিপ চালিয়ে এই ফলাফল পেয়েছে ইউগভ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের শেষ দিকে কিংবা ২০২৫ সালের শুরুতে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এই জরিপে দেখা যায়, ৩৮৫ টি আসনে জয় পেতে পারে লেবার পার্টি, অন্যদিকে টরি অর্থাৎ কনজারভেটিভরা পেতে পারে মাত্র ১৬৯ টি আসন। এরকমটা সত্যিই হলে, সেটি ১৯৯৭ সালের নির্বাচনে কনজারভেটিভদের পরাজয়কে ছাপিয়ে যাবে। ওই নির্বাচনে বড় ব্যবধানে জিতেছিল টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন লেবার পার্টি।
এমনকি সিদ্ধান্তহীন ভোটারদের বড় একটি অংশও এবার কেয়ার স্টারমারের নেতৃত্বে থাকা লেবার পার্টির দিকেই ঝুঁকছে।
গত বছরের নভেম্বর পর্যন্ত প্রায় সব নির্বাচনী জরিপেই পিছিয়ে আছে কনজারভেটিভ পার্টি। তবে দলনেতা ঋষি সুনাক অবশ্য এসব পূর্বাভাসকে পাত্তা দিচ্ছেন না। সুনাক সাফ জানিয়েছেন, এসব জরিপের ফলাফলের চেয়ে তার কাছে আসল ফলাফল হলো যুক্তরাজ্যে আসন্ন সাধারণ নির্বাচনে ভোটারদের দেওয়া রায়।
