যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন (৭০) প্রায় দুই সপ্তাহ পর হাসপাতাল ছেড়েছেন। গত ডিসেম্বরে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হওয়ার পর তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছিলেন।
সোমবার (১৬ জানুয়ারি) হাসপাতাল ছাড়ার পর এক বিবৃতিতে অস্টিন বলেন, ‘আমি হাসপাতালে যে যত্ন পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। এমন দুর্দান্ত সমর্থন ও পেশাদারত্বের জন্যে আমি চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানাই।’
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নিয়মিত চেক আপের সময় অস্টিনের শরীরে প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। একই মাসের ২২ তারিখে তার শরীরে অস্ত্রোপচার হয়। এরপর ১ জানুয়ারি আবারও হাসপাতালে ভর্তি হন তিনি। পর দিন তাকে নেয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে।
মার্কিন সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্তাব্যক্তি দেশটির প্রেসিডেন্ট। এরপরই প্রতিরক্ষামন্ত্রীর অবস্থান। অস্টিন মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত চার তারকা জেনারেল। এমন এক সময় তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য সংকটে জড়িয়ে পড়েছে।
চলতি বছরের প্রথম সপ্তাহে এ নিয়ে বিতর্কও হয়। অভিযোগ ওঠে, অস্টিনের হাসপাতালে ভর্তির তথ্য জানত না হোয়াইট হাউস। এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জানতেন না তার অসুস্থতার খবর। প্রোটোকল লঙ্ঘনের এ ঘটনায় গোপনীয়তার জন্য দায় স্বীকার করে অস্টিনকে বিবৃতিও দিয়েছেন।
গোপনে হাসপাতালে ভর্তি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, জানতেন না বাইডেন!