মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা থেকে যানবাহন উদ্ধারে প্রত্যয় নামের উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। আজ পাটুরিয়ায় ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এমন তথ্য জানান বিআইডব্লিউটিএ এর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাহ জাহান।
এদিকে উদ্ধারকাজে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে প্রস্তুতি নেওয়া শুরু করেছে রুস্তম। তবে, এখনো কোনো খোঁজ মেলেনি ফেরিটির সহকারী চালক হুমায়ুন কবিরের।
পাটুরিয়ার ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি রজনীগন্ধা উদ্ধারে বুধবার দুপুর থেকে কাজ করছে বিআইডব্রিউটিএ উদ্ধারকারী জাহাজ হামজা। তবে যে ফেরিটি ডুবে গেছে সেটি উদ্ধারে সক্ষমতা নেই হামজা ও রুস্তমের। কারণ ডুবন্ত ফেরিটির ওজন ২৫০ টনের বেশি। অপরদিকে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের সক্ষমতা প্রতিটির ৬০ টন করে। তবে, নারায়ণগঞ্জ থেকে রওনা হওয়া প্রত্যয়ের সক্ষমতা ২৫০ টন। সেক্ষেত্রে তিন জাহাজ একত্রে চেষ্টা করলে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করা সম্ভব।
সরেজমিনে ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ৫ নাম্বার ঘাট এলাকায় নোঙর করা রয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। উদ্ধারের প্রস্তুতি শুরু করেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। রুস্তম ও হামজা দিয়ে ফেরির সঙ্গে ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধারের প্রস্তুতি চলছে। ৫ নম্বর ঘাটটি উদ্ধার কাজে ব্যবহার হওয়ায় এ ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো খালেদ নেওয়াজ বলেন, বৃহস্পতিবার রাত দেড়টা থেকে সকাল পৌনে ৮ পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ ছিল। পর্যাপ্ত ফেরি থাকায় অপেক্ষায় থাকা যানবাহনগুলো সকালে দ্রুত পার করে গেছে।
