রুদ্ধশ্বাস মাদ্রিদ ডার্বি জয় আতলেতিকোর

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:১০ এএম

আট দিন আগে রিয়াদে মাদ্রিদ ডার্বিতে যেমন উত্তেজনা-উত্তাপ ছড়িয়েছিল, তারই পুনরাবৃত্তি হলো যেন আবার। দু'বার পিছিয়ে পড়ে দু'বারই সমতা টেনে ফের ম্যাচ অতিরিক্ত সময়ে টেনে নিল রিয়াল মাদ্রিদ। তবে এবার আর সেখানে পারল না তারা। কার্লো আনচেলত্তির দলের অপরাজেয় যাত্রা থামিয়ে কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালে উঠল আতলেতিকো মাদ্রিদ।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এর আগে একটি ম্যাচই শুধু হেরেছিল রিয়াল, গত সেপ্টেম্বরে লা লিগায় আতলেতিকোর মাঠে। সেই মেত্রোপলিতানোয় ফিরে আরেকটি হারের স্বাদ পেল আনচেলত্তির দল। ছেদ পড়ল তাদের ২১ ম্যাচের অপরাজেয় যাত্রায়। কোপা দেল রের শিরোপাধারীদের পথচলা থেমে গেল শেষ ষোলোতেই।

গত সপ্তাহে সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপে অতিরিক্ত সময়ে গড়ানো সেমিফাইনালে আতলেতিকোকে ৫-৩ গোলে হারিয়েছিল রিয়াল। পরে ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে তারা পায় ট্রফির স্বাদ। এরপর প্রথমবার মাঠে নেমেই এই হার।

ওয়ান্দা মেত্রোপলিতানোয় বৃহস্পতিবার রাতে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির শেষ ষোলোয় ৬ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪-২ ব্যবধানে জিতেছে ডিয়েগো সিমেওনের দল। নির্ধারিত সময়ে ২-২ সমতা ছিল।

সামুয়েল দিয়াস লিনোর গোলে আতলেতিকো এগিয়ে যাওয়ার পর তাদের গোলরক্ষক ইয়ান ওবলাকের আত্মঘাতী গোলে সমতায় ফেরে রিয়াল। আলভারো মোরাতা স্বাগতিকদের ফের লিড এনে দেওয়ার পর সমতা টানেন হোসেলু। 

স্প্যানিশ সুপার কাপের ম্যাচে অতিরিক্ত সময়ে দুই গোল করে জয়োল্লাস করেছিল রিয়াল। এবার সেখানে দুই গোল করে আতলেতিকো।

প্রথমটি ১০০তম মিনিটে। সঙ্গে লেগে থাকা ভিনিসিউসকে ছিটকে ফেলে ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন আন্তোইন গ্রিজমান, এরপর বাঁ পায়ের চমৎকার শটে জালে বল পাঠান সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।

১১১তম মিনিটে আতলেতিকোর জালে বল পাঠায় রিয়াল, তবে তার আগে বেলিংহ্যাম অফসাইডে থাকায় গোল মেলেনি।

১১৯তম মিনিটে জয় নিশ্চিত করে ফেলেন দ্বিতীয়ার্ধে বদলি নামা রিকেলমে। মেমফিস ডিপেইয়ের পাস থেকে ডান পায়ের শটে গোলটি করেন ২৩ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার। উল্লাসে ফেটে পড়ে গোটা ওয়ান্দা মেত্রোপলিতানো।






×
সর্বশেষ সর্বাধিক পঠিত