চীন-রাশিয়ার জাহাজে হামলা করবে না হুতিরা

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১১:৫৩ এএম

গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জাহাজগুলোতে নিশানা করছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। তবে এই সাগর দিয়ে চলাচল করা চীন ও রাশিয়ার পণ্যবাহী জাহাজগুলো নিরাপদ থাকবে বলে ঘোষণা দিয়েছে হুতি। একজন ঊর্ধ্বতন হুতি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গতকাল শুক্রবার রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়ায় প্রকাশিত এক সাক্ষাৎকারে হুতির জ্যেষ্ঠ কর্মকর্তা  মোহাম্মদ আল-বুখাইতি এ ঘোষণা দেন। তিনি বলেন, শুধু ইসরায়েল ও তার মিত্রদেশগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোতেই হামলা করা হবে। এ ছাড়া ইয়েমেনের আশেপাশের জলসীমায় চীন ও রাশিয়াসহ অন্যান্য দেশের জাহাজগুলো নিরাপদ থাকবে।

মোহাম্মদ আল-বুখাইতি আরও বলেন, ‘আমাদের নিজেদের স্বার্থেই অন্যান্য জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করব। কারণ ইয়েমেনের অর্থনীতির জন্য এ সমুদ্রসীমায় অবাধ নৌ-পরিবহনের বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে যেকোনোভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোয় হামলা অব্যাহত থাকবে।’

ফিলিস্তিনের স্বাধীনতাকমী গোষ্ঠী হামাসকে নির্মূলের ঘোষণা দিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েল। এ হামলায় এখন পর্যন্ত ২৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে ৬২ হাজারেও বেশি মানুষ। এই নির্বিচার হামলার জবাবে ইয়েমেনের হুতিরা লোহিত সাগর দিয়ে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা করতে শুরু করে।

হুতিরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কোনো জাহাজ যেন ইয়েমেনের জলসীমা অতিক্রম করতে পারবে না। তবে জাহাজ ধ্বংস করা তাদের লক্ষ্য নয়।

মোহাম্মদ আল-বুখাইতি বলেন, ‘আমরা কোনও জাহাজ ডুবিয়ে দিতে বা জব্দ করতে চাই না। আমাদের লক্ষ্য হচ্ছে, ইহুদি রাষ্ট্রের (ইসরায়েল) জন্য গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ পরিচালনা করাকে ব্যয়বহুল করে তোলা, যাতে তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত