কুড়িগ্রামের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ রবিবার এই জেলায় তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। যার কারণে প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন। এ সময় শিক্ষার্থীদের বাড়িতে বসে লেখাপড়া করার জন্য বলা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার এক হাজার ২৪০টি প্রাথমিক বিদ্যালয়, ৩৮৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ২২২টি মাদরাসাসহ মোট এক হাজার ৮৪৮টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে আজ সকালে আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুঁড়িগ্রাম জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরকম তাপমাত্রা আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘শৈত্যপ্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশ অব্যাহত থাকবে। তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে উঠলে নতুন নির্দেশনা দেওয়া হবে।’
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘শৈত্যপ্রবাহ থাকলে সব স্কুল বন্ধ থাকবে। তাপমাত্রা বৃদ্ধি পেলে স্কুল খুলবে। এরকম একটি চিঠি জেলার ৯ উপজেলায় দেওয়া হয়েছে। আমরা প্রতিদিন সকাল ৯টার মধ্যে তাপমাত্রার খোঁজ খবর রাখছি।’
