নেত্রকোনার খালিয়াজুরীতে জুয়ার আসর থেকে ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বেরি মুসলিমপুর গ্রামের জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। এ সময় নগদ অর্থসহ জুয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা।
আটককৃত ব্যক্তিরা হলেন- উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা ও কৃষ্ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাকির মিয়া (৩৬), একই গ্রামের মজিবুর রহমান(৩৭), রবিউল আউয়াল (২৭), মিজানুর রহমান(২৫), কৃষ্ণপুর গ্রামের রুহুল আমিন(৩২), রফিকুল ইসলাম (২৮), শরিফ মিয়া(৩৭), সৌরভ মিয়া(২৫), বেরি মুসলিমপুর গ্রামের কাজল মিয়া (৩৫), লাল মিয়া (৪০), কৃষ্ণপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বিল্লাল মিয়া (৪০), একই গ্রামের সেলিম মিয়া (৩৮) ও নাজিরপুর গ্রামের মিঠুন দাস (৩৫)।
পুলিশ জানায়, শনিবার রাতে কৃষ্ণপুর ইউনিয়নে মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্টের আসামি ধরতে অভিযানে যায় পুলিশ। এ সময় বেরী মুসলিমপুর গ্রামের একটি বাড়িতে জুয়ার আসর চলার গোপন সংবাদ পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ ১১ হাজার ৭৮০ টাকা জব্দ করা হয়েছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ দুপুরে তাদের নেত্রকোনা কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
