শত মিলিয়নের মাইলফলক ছুঁয়েছে জেফার রহমানের ‘ঝুমকা’। এমন সাফল্যে বেশ উচ্ছ্বসিত এই গায়িকা। সোশ্যালে এক স্ট্যাটাসে গানটির সঙ্গে জড়িত সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
জেফারের সঙ্গে গানটি লিখেছেন ও গেয়েছেন মুজা। তবে মুজা চেয়েছিলেন গানটির নাম ‘ঝুমুর’ থাকুক কিন্তু জেফারের ইচ্ছে নাম হয় ‘ঝুমকা’। এভাবেই গানটি শুরু হয় বলে জানান গায়িকা।
তিনি লিখেন, ‘মুজার সাথে ঝুমকা লেখা এবং স্টুডিওতে একসাথে গানটি তৈরি করার পুরো সময়টা চিরকাল একটি বিশেষ স্মৃতি হয়ে থাকবে। কতটা স্বতঃস্ফূর্তভাবে ‘ঝুমকা’ তৈরি করেছি তা আমি জানি এবং সেটা বেশ পছন্দ করি। যারা এই মাইলফলকের অংশ ছিলেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। এত এত সমর্থন এবং ভালোবাসার জন্য আমরা সত্যিই অনেক আনন্দিত!’
‘ঝুমকা’ গানটি ইউটিউবে উন্মুক্ত হয়েছিল গেল বছরের জানুয়ারিতে। শিবু, জেফার এবং মুজার কথায় গানটির মিক্স এবং মাস্টারিং করেছেন আর চা। গান ভিডিওর কোরিওগ্রাফিতে ছিলেন হৃদি শেখ। ভিডিও পরিচালনা করেন পার্থ শেখ।
