যে যাই বলুক, জাতীয় সংসদে জাতীয় পার্টিই বিরোধী দল বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘ঘোষণা আসুক আর না আসুক জাতীয় পার্টিই সংসদে বিরোধী দল। জাতীয় পার্টি কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করবে।’
আজ দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি।’ ওবায়দুল কাদেরের এই বক্তব্যকে ‘স্বাভাবিক’ বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
সোমবার (২২ জানুয়ারি) বিকেলে রংপুর নগরের সেনপাড়ায় পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জি এম কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী আমরাই বিরোধী দল হবো। তবে আনুষ্ঠানিকভাবে এখনও চিঠি বা ঘোষণা পাইনি। ঘোষণা দেওয়া হোক বা না হোক জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করবে।’
আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। এই অধিবেশনে জানা যাবে কারা হচ্ছে সংসদে বিরোধী দল।
দ্বাদশ নির্বাচনে একক দল হিসেবে জাতীয় পার্টি ১১টি আসন পেয়েছেন। আর ৬২ আসনে নির্বচান করে সংসদ সদস্য হয়েছেন সতন্ত্র প্রার্থীরা। নির্বাচনে দ্বিতীয় দল হিসেবে সর্বোচ্চ আসন পাওয়ায় জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। তবে বিরোধী দল হিসেবে জাপাকে স্বীকৃতির বিষয়টি স্পিকারের ওপর নির্ভর করছে।
জাতীয় পার্টির সিদ্ধান্ত অনুযায়ী, বিরোধী দলীয় নেতা হবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা এবং জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত করা হয়েছে।
