দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন শিক্ষককে আদর্শ শিক্ষক সম্মাননা প্রদান করা হয়েছে। এথিকস ক্লাব বাংলাদেশ ও ১৩ তম নৈতিকতা দিবস উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে এটি অনুষ্ঠিত হয়।
এবার আদর্শ শিক্ষক সম্মাননা পুরস্কার পেয়েছেন ছায়ানটের সভাপতি অধ্যাপক ড. সনজীদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুন নবী, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অনুপম সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আকরাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক কায়সার হামিদুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়া, রাঙ্গামাটি নারায়ন গিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মু. নুরুল মোস্তফা চৌধুরী, দিনাজপুর সঙ্গীত কলেজের গণেশ সরেন, সিরাজগঞ্জ উল্লাপাড়া রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমন আরাস্তা শিউলী এবং বান্দরবান সদরের মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি ছায়ানটের সভাপতি অধ্যাপক ড. সনজীদা খাতুন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অনুপম সেন। তার বদলে পুরস্কার গ্রহণ করেছেন পিএসসির সদস্য অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
এথিকস ক্লাবের প্রতিষ্ঠাতা এম ই চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। এথিকস ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী। এসময় শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন ডা. দীপু মনি ও এথিকস ক্লাবের প্রতিষ্ঠাতা এম ই চৌধুরী শামীম।
পুরস্কার গ্রহণ শেষে অনুভূতি বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী বলেন, জীবনে অনেক পুরস্কার পেয়েছি তবে নৈতিকতা শিরোনামের শিক্ষক সম্মাননা পুরস্কার আমাকে অবাক করেছে। আমরা নৈতিকতা থেকে দূরে সরে যাচ্ছি। এজন্য সমাজে সংঘাত বাড়ছে। তবে এরকম আয়োজন নতুন করে ভাবতে শেখায় এবং নতুন স্বপ্ন দেখায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, যারা সমাজ গঠনে নিরলস পরিশ্রম করে এথিকস ক্লাব সারাদেশ থেকে নির্বাচিত করে তাদের আজ মূল্যায়ন করেছে। এটা সত্যিই মহৎ কাজ। এথিকস ক্লাব বাংলাদেশ এই ধারা অব্যাহত রাখবে বলে বিশ্বাস করি। এছাড়াও ২৬ জানুয়ারিকে বিশ্ব নৈতিকতা দিবস করার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন বলে অনুষ্ঠানে আশ্বাস দিয়েছেন তিনি।
