ঢাকা পর্ব শেষ করে বিপিএলের সব দল যখন প্রস্তুতি নিচ্ছে সিলেট পর্বের, তখন ফরচুন বরিশালের দুর্গ ছেড়ে গেছন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। হঠাৎ দুবাইয়ে উড়াল দিয়েছেন তিনি। চলতি বিপিএলে তাকে আর দেখা যাবে না।
ফরচুন বরিশালের একটি সূত্র বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে। মূলত পারিবারিক কারণেই চলে গেছেন পাকিস্তানি তারকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গেল পরশু রাতেই দুবায়ের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন তিনি। এরপর সেখানে গিয়ে পারিবারিক সমস্যার কথা বরিশাল কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
এদিকে, শোয়েব মালিকের জায়গায় নতুন করে কালই যোগ দিচ্ছেন পাকিস্তানি আরেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। এ ছাড়া ক্যারিবিয়ান ক্রিকেটার কাইল মায়ার্সকেও আনতে যাচ্ছে বরিশাল। দ্রতই যোগ দেবেন দলে।
এবারের বিপিএল খেলতে নেমে ব্যাট হাতে তেমন রান পাননি। ফরচুন বরিশালের হয়ে তিন ম্যাচে সর্বসাকুল্যে রান করেছেন ২৯। প্রথম ম্যাচে ১৭ করার পর, বাকি দুই ম্যাচে করেছেন ৫ ও ৭ রান। এ ছাড়া হাত ঘুরিয়ে এই তিন ম্যাচে তিনি পেয়েছেন একটি উইকেট।
