লোহিত সাগরে হুতিদের হামলা নিয়ন্ত্রণে ইরানকে চীনের চাপ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১১:৩৭ এএম

সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলার ফলে বাণিজ্যিক জাহাজগুলোর যাতায়াত খরচ বেড়ে যাচ্ছে। বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা নিয়ন্ত্রণে ইরানকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে চীন। আর সেটি না হলে বেইজিংয়ের সঙ্গে তেহরানের বাণিজ্যিক সম্পর্ক ক্ষতির মুখে পড়তে পারে বলেও জানানো হয়েছে। এর দুইদিন আগে হুথিদের হামলা বন্ধে ইরানকে রাজি করাতে চীনকে অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

ইরানের চারটি সূত্র এবং এ বিষয়ে সংশ্লিষ্ট একজন কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ইরানের সূত্র জানিয়েছে, চীন ও ইরানের মধ্যে হামলা এবং বাণিজ্য সম্পর্কে আলোচনার জন্য বেইজিং এবং তেহরানে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বৈঠকে হয়েছে। তবে এসব বৈঠক কখন আর কারা অংশ নিয়েছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

ভূমধ্যসাগরে হুতিদের আক্রমণের কারণে বাণিজ্যিক জাহাজগুলো চীন থেকে এশিয়া হয়ে ইউরোপে প্রবেশ করছে। ফলে খরচ বেড়ে যাচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন চীন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মূলত চীনের ভাষ্য, তাদের স্বার্থ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তেহরানের সঙ্গে তাদের ব্যবসায় প্রভাব ফেলবে। তাই হুতিদের সংযম দেখানোর তাগাদা দিতে ইরানকে আহ্বান জানিয়েছে চীন।

গত এক দশক ধরে চীন ইরানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হলেও তাদের সেই বাণিজ্য সম্পর্ক একমুখী। উদাহরণস্বরূপ বলা যায়, চীনা তেল শোধনাকারীরা গত বছর ইরানের অপরিশোধিত তেলের মোট রপ্তানির ৯০ শতাংশেরও বেশি কিনেছিল বলে ট্রেড অ্যানালিটিক্স ফার্ম কেপলারের ট্যাঙ্কার ট্র্যাকিং ডেটায় দেখা গেছে।

প্রসঙ্গত, ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গত প্রায় তিন মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও ইসরায়েলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠী জানিয়েছে, যতদিন গাজায় ইসরায়েলের বর্বরতা চলবে ততদিন তারা হামলা চালিয়ে যাবে। এদিকে হুতিদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বিমানহামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, যদিও মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন এসব হামলায় হুতিদের ঠেকানো যাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত