রাজবাড়ীর বালিয়াকান্দিতে চালক বাবলু মল্লিককে (৪৫) হাতুড়ি পেটা করে তার ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সে বালিয়াকান্দি উপজেলার গঙ্গারামপুর গ্রামের মকিব মল্লিকের ছেলে। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন বাবুল মল্লিক বলেন, শুক্রবার সন্ধ্যার পর ৩ জন লোক এসে তার ভ্যানে করে জঙ্গল বাজারে যাওয়ার জন্য প্রস্তাব দেন। তাদের কথায় রাজি হয়ে জঙ্গল বাজারে যাওয়ার পর তাকে আরেকটু দূরে যেতে বলেন। জঙ্গল বাজার থেকে বকচর সড়কের সাবেক চেয়ারম্যানের বাড়ির সামনে সড়কে পৌঁছালে হাতুড়ি দিয়ে তাকে পেটানো হয়। এ সময় মাথাসহ তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে তার ভ্যান ছিনতাই করা হয়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক রাজিবুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে অবগত আছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।