প্যারিসের ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত বিশ্বখ্যাত মোনালিসা চিত্রকর্মে স্যুপ ছুড়ে মারা হয়েছে। লিওনার্দো দা ভিঞ্চির ১৬ শতকের বিখ্যাত চিত্রকর্মটিতে এই কাণ্ড ঘটিয়েছেন কৃষি-পরিবেশ আন্দোলনকারীরা। চিত্রকর্মটি বুলেটপ্রুফ কাঁচ দিয়ে সুরক্ষিত থাকায় এর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এতে বলা হয়েছে, ঘটনার ফুটেজে দেখা গেছে ‘স্বাস্থ্যকর ও টেকসই খাদ্য’ এই স্লোগান নিয়ে কাজ করা দু’জন মোনালিসা চিত্রকর্মে স্যুপ নিক্ষেপ করেন। তারা অভিযোগ করে বলেছে, ‘আমাদের কৃষি ব্যবস্থা রুগ্ন’।
এই নিয়ে কয়েকবার আক্রান্ত হলেন স্মিত হাসির মোনালিসা। চিত্রকর্মটি ১৯৫০ এর দশকের গোড়ার দিকে নিরাপত্তা কাঁচ দিয়ে সুরক্ষিত করা হয়। এক দর্শনার্থী চিত্রকর্মটির দিকে অ্যাসিড ছুড়ে মারার পর এটি ক্ষতিগ্রস্ত হয়। তারপরেই এটিকে সুরক্ষিত করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।
২০১৯ সালে জাদুঘর কর্তৃপক্ষ বলেছিল, এটির সুরক্ষায় বুলেটপ্রুফ গ্লাসের আরও স্বচ্ছ ফর্ম স্থাপন করেছে তারা। এর আগে ২০২২ সালে অক্টোবরেও চিত্রকর্মটির দিকে কেক ছুড়ে মেরেছিলেন এক প্রতিবাদকারী। কেক ছুড়ে তিনি মানুষকে ‘পৃথিবীর কথা ভাবতে’ আহ্বান জানানোর বার্তা দিয়েছিলেন।
সাম্প্রতিক বছরগুলোতে পরিবেশ আন্দোলনকর্মীদের ব্যতিক্রমী প্রতিবাদের লক্ষ্যবস্তু হচ্ছে বিশ্বখ্যাত চিত্রকর্ম ও ভাস্কর্যগুলো।
২০২২ সালে ৫ নভেম্বর স্পেনের মাদ্রিদে বিখ্যাত প্রাডো মিউজিয়ামে স্পেনের বিখ্যাত শিল্পী ফ্রান্সেসকো ডি গোয়ার দুটি বিখ্যাত চিত্রকর্মের ফ্রেম দুটির দেয়ালে দুই তরুণ–তরুণী +১.৫ সেন্টিগ্রেড লিখে দেয়। মাদ্রিদ ও পটসডামের মিউজিয়াম দুটিতে এ ধরনের ঘটনার আগে পরিবেশবাদীরা লন্ডনের ন্যাশনাল আর্ট গ্যালারিতে ভিনসেন্ট ভ্যান গঘের একটি সূর্যমুখী চিত্রকর্মে টমেটোর স্যুপ নিক্ষেপ করেন।
