অস্ট্রেলিয়ার প্রত্যন্ত ক্রিসমাস আইল্যান্ডে বন থেকে সমুদ্রের দিকে যাত্রা শুরু করেছে ১০ কোটিরও বেশি লাল কাঁকড়া। চলতি সপ্তাহে দ্বীপটির সংরক্ষণকর্মীরা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপি।
ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপটিতে বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবছর এই অভাবনীয় প্রাকৃতিক দৃশ্যের দেখা মেলে। এ সময় প্রজননের উদ্দেশ্যে বনাঞ্চল ছেড়ে সমুদ্রের দিকে ছুটে চলে লাখো লাল কাঁকড়া।
চাঁদের অবস্থান ও জোয়ার-ভাটার সময়ের সঙ্গে মিল রেখেই চলে তাদের এই দীর্ঘ যাত্রা। অস্ট্রেলিয়ার পার্কস কর্তৃপক্ষ জানিয়েছে, ভাটার সময়, চাঁদের শেষ চতুর্থাংশে এবং ভোর হওয়ার আগেই ডিম ছাড়ার লক্ষ্য থাকে কাঁকড়াগুলোর।
বন, সড়ক ও সেতু পেরিয়ে কাঁকড়াদের এই বিশাল যাত্রা নির্বিঘ্ন করতে দ্বীপটির সংরক্ষণকর্মীদের কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। ইন্দোনেশিয়ার দক্ষিণে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে এবং অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত ক্রিসমাস আইল্যান্ড।
ক্রিসমাস আইল্যান্ড ন্যাশনাল পার্কের ব্যবস্থাপক ক্রিস চার্ট্রেস বলেন, এই অসাধারণ বন্যপ্রাণীর দৃশ্য দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা দ্বীপটিতে ছুটে আসেন।
তিনি আরও বলেন, লাল কাঁকড়ার সংখ্যা পুনরুদ্ধারে দীর্ঘদিনের সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে ইয়েলো ক্রেজি অ্যান্ট বা হলুদ পাগল পিঁপড়া নিয়ন্ত্রণের উদ্যোগ এই প্রজাতির অস্তিত্ব রক্ষায় বড় ভূমিকা রেখেছে।
অস্বাভাবিক দ্রুত ও উন্মত্ত চলাফেরার কারণে এই পিঁপড়ার নাম হয়েছে 'ক্রেজি অ্যান্ট'। একসময় এসব পিঁপড়া লাল কাঁকড়ার গর্ত দখল করে আনুমানিক কয়েক কোটি কাঁকড়াকে তাদের আবাসস্থল থেকে বিতাড়িত করেছিল।
তবে পিঁপড়া নিয়ন্ত্রণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে দ্বীপটিতে লাল কাঁকড়ার সংখ্যা আবারও বেড়েছে। সংরক্ষণকর্মীদের তথ্য অনুযায়ী, একসময় প্রায় পাঁচ কোটি থাকলেও বর্তমানে তাদের সংখ্যা বেড়ে ১০ কোটির বেশি হয়েছে।
ক্রিস চার্ট্রেস বলেন, কাঁকড়ার সংখ্যা বৃদ্ধি পাওয়া প্রমাণ করে, তাদের আবাসস্থলে প্রজাতিটি আবারও ভালো অবস্থায় ফিরছে।
তিনি বলেন, লাল কাঁকড়া দ্বীপটির বাস্তুতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। বনাঞ্চলের পরিবেশের ভারসাম্য রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে কাঁকড়ার সংখ্যা ও সুস্থতা ভালো থাকলে পুরো বাস্তুতন্ত্রই উপকৃত হয়।
উল্লেখ্য, ক্রিসমাস আইল্যান্ডের আয়তন মাত্র ১৩৫ বর্গকিলোমিটার। ছোট্ট এই দ্বীপটিই প্রতিবছর কোটি কোটি লাল কাঁকড়ার এই বিস্ময়কর অভিবাসনের সাক্ষী হয়ে ওঠে।