ঢাকা বিশ্ববিদ্যালয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। রবিবার (২৮ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘মানবিকতায় অগ্রদূত ছাত্রলীগ’ শীর্ষক দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।
এসময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আলোকিত মানুষ গড়ার কারিগর হল ছাত্রলীগ। যুগের সাথে তাল মিলিয়ে চলার ক্ষমতা রয়েছে ছাত্রলীগের। তারা শিক্ষার্থীদের নিয়ে ভাবে, তরুণদের স্বপ্ন পূরণের জন্য কাজ করে। এই শীতে মানুষ কাঁপছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ক্রমাগত বাস্তবতার কথা মাথায় রেখেই ছাত্রলীগ সারাদেশে শীতবস্ত্র বিতরণ করছে। শুধু কেন্দ্রীয়ভাবে নয় বরং ছাত্রলীগের শাখা উপ-শাখা এবং ব্যক্তিগত পর্যায়ে নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের মানুষের প্রতি দায়িত্বের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করছে ছাত্রলীগ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেন, আমরা বঙ্গবন্ধুর সান্নিধ্য পাইনি তবে তার কন্যা শেখ হাসিনার কর্মী হতে পেরেছি। এর চেয়ে গর্বের আর কিছু নেই। এ সময় তিনি ছাত্রলীগের উদ্যোগে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণে নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে ঢাবি শাখা সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বক্তব্য প্রদান করেন।
