শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:১৯ পিএম

রাজধানীর সাঁতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালে সুন্নতে খৎনা করাতে গিয়ে শিশু আয়ান ভুল চিকিৎসায় মারা যায়- এমন অভিযোগে মামলা দায়ের করে তার পরিবার। এদিকে মামলা দায়ের করায় হত্যার হুমকি দেয়ার অভিযোগ করেছেন আয়ানের বাবা শামীম আহমেদ। 

হাসপাতালের ২ চিকিৎসকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতেই এই হুমকি দেয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আয়ানের বাবা শামীম আহমেদ শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রবিবার (২৮ জানুয়ারি) শাহবাগ থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে শামীম আহমেদ সাধারণ ডায়েরি করেছেন।

আয়ানের বাবা জিডিতে অভিযোগ করেন, রবিবার বেলা আনুমানিক ১১টার দিকে আমি ও আমার মামা আবদুস সালাম কবীর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিটের (পিটিশন নং-২০১/২৪) শুনানিতে আসি। শুনানি শেষে সুপ্রিম কোর্ট থেকে বের হয়ে দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে শাহবাগ থানার অধীন হাইকোর্টের মাজার গেট থেকে বাংলাদেশ শিশু একাডেমিতে হেঁটে আসার পথে ফুটপাতের ওপর পৌঁছালে, ৬ থেকে ৭ জন ব্যক্তি বাড্ডা থানায় ডাক্তারদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করেন। আমি যদি মামলা তুলে না নেই তবে অফিসে যাওয়ার সময় আমার যে কোনো ধরনের ক্ষতি করবে বলে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত