ঘর দুইটা বাড়ি একটা, স্বতন্ত্র এমপিদের প্রধানমন্ত্রী 

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১১:৫৪ পিএম

স্বতন্ত্র সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেক হাত বলে জানিয়েছেন। তিনি বলেন, এখন দুই হাতই আমার। দুই হাত দিয়েই আমি সরকারের উন্নয়ন করতে পারব। রবিবার (২৮ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র ৬২ সংসদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকের শুরুতে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বক্তব্য রাখেন। পরে স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রী সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বর্ণনা করেন। একই সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে সকলকে এক সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। 

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে ৬২ আসনে স্বতন্ত্র এমপি নির্বাচিত হয়। ৩ জন ছাড়া সকলেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় সংসদে নিজেদের অবস্থান কি হবে তা নিয়ে ধোঁয়াশায় ছিলেন তারা। এমন অবস্থায় রবিবার গণভবনে তাদের দিকনির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী। বৈঠকে ৬২ স্বতন্ত্র এমপির মধ্যে অধিকাংশই বক্তব্য রাখেন।

সংসদ নেতা বলেন, স্বতন্ত্র এমপিরা সংসদে স্বতন্ত্রই থাকবে। তারা সরকারের গঠণমূলক সমালোচনা করার অনুমতিও পেয়েছেন। সংসদ নেতা শেখ হাসিনা স্বতন্ত্র এমপিদের জানিয়েছেন, সরকারকে সহযোগিতাও আপনারা করবেন, সমালোচনাও। তবে সমালোচনা গঠণমূলক হতে হবে।  

ভবিষ্যতেও স্বতন্ত্র সংসদ সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকবে বলে জানান দলটির সভাপতি শেখ হাসিনা। তাদের সংসদে সরকারের গঠনমূলক সমালোচনা করার নির্দেশনা দেন। তাদের উদ্দেশ্য করে বলেন, তোমরাতো এক ঘরেই আছো। ঘরের ছেলে ঘরে আছ। তবে সংসদে তোমাদের অবস্থান স্বতন্ত্রই থাকবে। 

বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদস্য দেশ রূপান্তরকে আলোচনার বিষয়বস্তু জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সকল স্বতন্ত্র সংসদ সদস্যরা সরকারি দলের সঙ্গে থাকতে চেয়ে বক্তব্য রেখেছেন। 

জবাবে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, আমি কি কাউকে ফেলে দিয়েছি। তোমরা আমার আরেক হাত। এসময় তিনি বলেন, নৌকা নিয়ে যারা সংসদ থাকবে কথা-বার্তায় তাদের নানা সীমাবদ্ধতা রয়েছে। তোমাদের ক্ষেত্রে সেটা নেই।

বৈঠকে স্বতন্ত্র সংসদ সদস্যরা সরকারের সঙ্গে থাকতে চাই বলে দাবি তুললে প্রধানমন্ত্রী বলেন, তোমরা ঘরের ছেলে ঘরেই আছ। তোমাদের কী আমি ফেলে দিয়েছি? বলেছি? তোমাদের বিষয়টা দাঁড়িয়েছে বাড়ি সবার একটা, ঘর হয়েছে দুইটা। আর কিছুই নয়। 

এ সময় ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ নাসের শাহরিয়ার জাহেদি জানতে চান নেত্রী সংসদে আমাদের হুইপিং করবে কে? স্বতন্ত্র কেউ কি হুইপ নির্বাচিত হবে? জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি দলের হুইফরাই সংসদে স্বতন্ত্র এমপিদের হুইফিং করবে। 

বৈঠকে স্বতন্ত্র সংসদ সদস্যদের আনুপাতিক হারে সংরক্ষিত মহিলা আসনে সদস্য কারা হবেন সেই দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। স্বতন্ত্র সংসদ সদস্যরা আজ নির্বাচন কমিশনে চিঠি দিয়ে তা অবহিত করবেন। সংরক্ষিত মহিলা সদস্য সমৃপর্কে শেখ হাসিনা বলেন, আমাদের কিছু ত্যাগী নেতা কর্মী আছে তাদের মূল্যায়ন করতে পারি না। তাদের মূল্যায়ন করব। 

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি জানান, স্বতন্ত্ররা স্বতন্ত্রই থাকবে। তবে তারা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবে। এই একটা বিষয় আমাদের সংসদ নেতা, দলের সভাপতি পরিষ্কারভাবে বলেছেন। 

তিনি বলেন, নারী সংরক্ষিত আসনে ব্যাপারে সংসদ নেতা শেখ হাসিনা যাদের মনোনীত করবেন তাদের প্রতি স্বতন্ত্রদের সমর্থন থাকবে, তারা ব্যক্ত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত