রোহিঙ্গা ক্যাম্পের নৈশপ্রহরীকে জবাই করে হত্যা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:১৫ এএম

কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ ইয়াসিন নামে এক রোহিঙ্গা নৈশপ্রহরীকে জবাই করে হত্যা করেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আরসা সদস্যরা।

রবিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নে অবস্থিত জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ হাসপাতাল এলাকায় এঘটনা ঘটে। 

নিহত মোহাম্মদ ইয়াসিন ১৫ নম্বর ক্যাম্পের 'সি' ওয়ান ব্লকের বাসিন্দা আব্দুল বারীর ছেলে। তিনি ক্যাম্পের নৈশপ্রহরী।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, রবিবার রাত সাড়ে ১০টার দিকে ৭/৮ জনের মুখোশধারী দুষ্কৃতকারী জামতলী রোহিঙ্গা ক্যাম্পে 'সি' ব্লকে গিয়ে ইয়াসিনকে ঘিরে ফেলে এবং তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। এসময় ইয়াসিন ক্যাম্পের 'সি' ব্লকে নাইট ডিউটি করছিল। দুষ্কৃতকারীরা তার মৃতদেহ পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বলেন, নিহত ইয়াসিন রোহিঙ্গা ক্যাম্পে পালা করে রাতের বেলায় ডিউটি করত। রবিবার রাতে ডিউটি করার জন্য বাড়ি থেকে রাস্তায় বের হলে দুষ্কৃতকারীরা উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এই হত্যার সাথে আরসা জড়িত বলে আমরা জানতে পেরেছি। ঘটনার পরপরই এপিবিএন পুলিশের পাহারা জোরদার করা হয়েছে।

আমির জাফর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের জন্য উখিয়া থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত