সীমান্তে নিহতের মরদেহ ফেরত দিল বিএসএফ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১২:৪৭ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত রবিউল ইসলাম টিকলু (৩৩)-র মরদেহ তিনবিঘা করিডোর দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় পাটগ্রাম উপজেলার দহগ্রাম তিনবিঘা করিডোর দিয়ে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ ও বিএসএফ বাংলাদেশের পাটগ্রাম থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।

এসময় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর পানবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তিনবিঘা করিডোরে উভয় দেশের কোম্পানি কমান্ডারের ও পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার (২৮ জানুয়ারি) ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তের ১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম টিকলু (৩৩) উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেন ছেলে। 

পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তরের কথা স্বীকার করে আরও বলেন, পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার ভোর রাতে চোরাকারবারির একটি দল সীমান্ত পেরিয়ে আঙ্গরপোতা ১ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলারের দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ৬ নম্বর বিএসএফ ব্যাটালিয়ান অর্জুন ক্যাম্পের টহল দলের গুলিতে বাংলাদেশি রবিউল ইসলাম টিকলু নিহত হয়। মরদেহের ময়নাতদন্ত শেষে রাত সাড়ে ১১টার দিকে তিনবিঘা করিডোর দিয়ে নিহত যুবকের মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, নিহত বাংলাদেশি যৃবকের মরদেহ রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশি পুলিশের কাছে হস্তান্তর করেন। রাতেই রবিউল ইসলাম টিকলুর নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত