ওমেন্স ইন্ডিয়ান লিগে মঙ্গলবার অভিষেক হবে সানজিদা আক্তারের। ছয় ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সাত দলের লিগে সানজিদার দল ইস্ট বেঙ্গল আছে ষষ্ঠস্থানে। তবে এই ছয় ম্যাচে খেলেননি সানজিদা। আজ তলানীর দল স্পোর্টস উড়িষার বিপক্ষে ১০ নম্বর জার্সিতে মাঠে নামবেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের উইঙ্গার। তার আগে ইস্ট বেঙ্গল ক্লাবের দেয়ালে টাঙানো বাংলাদেশের চার কিংবদন্তীর স্মরণ করেছেন সানজিদা।
নব্বইয়ের দশকে কলকাতার মাঠ মাতিয়েছিলেন বাংলাদেশের চার তারকা প্রয়াত মোনেম মুন্না, শেখ মোহাম্মদ আসলাম, রিজভী করিম রুমি ও গোলাম গাউস। ইস্ট বেঙ্গলের হয়ে অসাধারণ ফুটবলে বুদ করেছেন তারা। এপার বাংলার তারকাদের তাই কখনই ভোলেনি শতবর্ষী ইস্ট বেঙ্গল ক্লাব। দেয়ালের টাঙিয়ে রাখা হয়েছে তাদের ছবি। নিজ দেশের কিংবদন্তিদের এমন সম্মান পেতে দেখে অভিভূত সানজিদা।
মুন্না, আসলামদের পথ ধরে সানজিদাকেও নিজ ঘরে আপন করে নিয়েছে ইস্ট বেঙ্গল। আর অগ্রজদের এমন সম্মান পেতে দেখে সানজিদাও বিস্মিত হয়েছেন। নিজের অফিসিয়াল ফেসবুকে বিদেশি খেলোয়াড়দের নামফলকের সামনে দাঁড়িয়ে তোলা নিজের ছবি পোস্ট করেছেন সানজিদা।
সানজিদা আঙুল দিয়ে দেখাচ্ছেন আসলাম, রুমি ও মুন্নার একসঙ্গে তোলা দারুণ জনপ্রিয় একটা ছবি। আর পোস্টের সঙ্গে লিখেছেন, ‘শেখ মোহাম্মদ আসলাম, প্রয়াত মোনেম মুন্না, গোলাম মোহাম্মদ গাউস, রিজভী করিম রুমি। বাংলাদেশ ফুটবলের আর্কাইভে কি ভারি নাম! শত বছরের ঐতিহ্যবাহী ক্লাব প্রাঙ্গণে আজ দেখলাম আমার দেশের সেই সকল হিরোদের ছবি। অগ্রজদের সম্মান ও ইষ্ট বেঙ্গলের আস্থার প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে।’
