জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি নির্বাচনে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক মোতাহার হোসেন সভাপতি এবং রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অধ্যাপক মোতাহার শিক্ষক ঐক্য পরিষদের প্যানেল থেকে নির্বাচন করেন। অন্যদিকে অধ্যাপক শাহেদ প্রতিদ্বন্দ্বতা করেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ প্যানেল থেকে।
সোমবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর দেড়টা পর্যন্ত। সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি ভোটের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ১৫টি পদের মধ্যে সম্পাদক, যুগ্ম-সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে জয়লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত উপাচার্যপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’। অন্যদিকে সভাপতি ও সহ-সভাপতিসহ বাকি চার পদে আওয়ামীপন্থিদের একাংশের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ ও বিএনপিপন্থি শিক্ষকদের সমন্বয়ে গঠিত ‘শিক্ষক ঐক্য পরিষদ’ জয়লাভ করেছে।
বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্যানেল থেকে অন্যদের মধ্যে জয়লাভ করেছেন যুগ্ম-সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও কোষাধ্যক্ষ পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. এজহারুল ইসলাম।
নির্বাহী সদস্য পদে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, ফার্মেসি বিভাগের অধ্যাপক কে এম খাইরুল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম খন্দকার, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ফাহমিদা আক্তার, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নুরুল আমিন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত বণিক, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল রনি, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা হক নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে শিক্ষক ঐক্য পরিষদের প্যানেল থেকে অন্যদের মধ্যে জয়লাভ করেছেন সহ-সভাপতি পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ এবং নির্বাহী সদস্য পদে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক আইরীন আখতার ও ইতিহাস বিভাগের অধ্যাপক লুৎফুল এলাহী।
