গণহারে ডান্ডাবেড়ি না পরানোর নির্দেশ হাইকোর্টের

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০২:৫২ পিএম

শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিসহ দুর্ধর্ষ আসামি ছাড়া গণহারে ডান্ডাবেড়ি না পরানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে আদালতের আদেশে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।

দেশের সব কারাগারে গণহারে ডান্ডাবেড়ি পরানো বন্ধের আদেশ চেয়ে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

গত ১৫ জানুয়ারি প্যারোলে মুক্তি পাওয়া ছাত্রদলের এক নেতাকে ডান্ডাবেড়ি পরিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বাবার জানাজায় নেওয়ার বিষয়টি হাই কোর্টের নজরে আনেন অ্যাডভোকেট কায়সার কামাল। সেদিন আদালত এ বিষয়ে রিট আবেদন করার পরামর্শ দেয়। পরদিন যে রিট আবেদন করা হয়, সেখানে দেশের সব কারাগারে গণহারে ডান্ডাবেড়ি পরানো বন্ধের আদেশ চাওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত