কাল জোভানের বিবাহোত্তর সংবর্ধনা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৭:৫৫ পিএম

ফারহান আহমেদ জোভান ও সাজিন আহমেদ নির্জনা

ফেসবুক থেকে পরিচয়, এরপর বন্ধুত্ব। একটা সময় সে সম্পর্ক রূপ নেয় প্রেমে। তবে সেই সম্পর্কে খুব বেশি কালক্ষেপণ করেননি ফারহান আহমেদ জোভান, প্রবেশ করেন দাম্পত্য জীবনে। গত ১২ জানুয়ারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ও পুরান ঢাকার মেয়ে সাজিন আহমেদ নির্জনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেতা। বিয়ের পর সেদিন রাতেই স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে সুখবরটি জানান তিনি। তবে বিয়ের প্রায় আঠারো দিন পেরিয়ে গেলেও পাত্রী কিংবা নিজের বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি জোভান, এমনকি কোনো গণমাধ্যমের সঙ্গেও কথা বলেননি। 

জানুয়ারিতে বিয়ে করলেও অভিনেতা বাগদান সম্পন্ন করেছেন গত বছরের ১০ নভেম্বর। এরপর পারিবারিকভাবে কাছের মানুষদের নিয়ে ছোট্ট আয়োজনের মধ্য দিয়ে বিয়ের কাজ সারেন তিনি। এদিকে আজ বুধবার রাজধানীর এক রেস্তোরাঁয় বেশ জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হবে জোভানের বিবাহোত্তর সংবর্ধনা। এদিন এই অনুষ্ঠানে অংশ নেবেন অভিনেতার কাছের বন্ধু-বান্ধবসহ শোবিজের একাধিক শিল্পী ও নির্মাতা। 

দেশ রূপান্তরের সঙ্গে আলাপ হয় ফারহান আহমেদ জোভানের। শেয়ার করেন, পাত্রীর সঙ্গে পরিচয় থেকে প্রেম এবং বিয়ের উপাখ্যান। তবে শুরুতেই জানান, সবকিছু হুট করে হয়ে যাওয়ায় কাউকেই তেমনভাবে কিছু বলতে পারেননি। জোভান বলেন, ‘অনেকেই হয়তো ভাবছে আমাদের দীর্ঘদিনের প্রেম ছিল। কিন্তু বিষয়টি আসলে তেমন নয়। আগে থেকে পরিচয় ছিল আমাদের এবং যখন দেখলাম সম্পর্কটা প্রেমের দিকে যাচ্ছে তখন সিদ্ধান্ত নিলাম— প্রেম নয়, একদম বিয়ে করে ফেলব। বলতে পারেন বিয়ের বিষয়টি মাথায় রেখেই এগিয়েছি।’

ফারহান আহমেদ জোভান ও সাজিন আহমেদ নির্জনা

দুজনের পরিচয় কীভাবে, এমন প্রশ্নে অভিনেতা বলেন, ‘আমাদের পরিচয়টা হয় ফেসবুকে, তাও প্রায় বছর চারেক হবে। তখন শুধু আমাদের মধ্যে হাই/হ্যালো হতো। এরপর একটা সময়ে গিয়ে নির্জনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পরিচয়ের পর পুরো সময়টা বন্ধুত্বেরই ছিল বলা যায়। প্রেমটা ছিল খুব অল্প সময়ের। মাস চারেক আগে পুরো ব্যাপারটা দুজনেই দুজনের পরিবারকে জানাই। এরপর দুই পরিবার মিলে সিদ্ধান্ত নেয় এবং সবকিছু বেশ তাড়াহুড়োর মধ্য দিয়ে আয়োজন করে।’

বিয়ের প্রায় সপ্তাহখানেক পর ঢাকার অদূরে কক্সবাজারের এক রিসোর্টে চারদিনব্যাপী ‘ডেস্টিনেশন ওয়েডিং’ আয়োজন করেন জোভান। এরমধ্যে একদিন ছিল সংগীত সন্ধ্যা, এরপর হলি উৎসব, হলুদ উৎসব এবং শেষদিন উদযাপন করেন ব্যাচেলর নাইট। চারদিনব্যাপী অনুষ্ঠিত এই বিয়ের আয়োজনে জোভান ও নির্জনার দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন তার বন্ধু ও অভিনেতা সিয়াম আহমেদ, তৌসিফ মাহবুব, মুমতাহিনা চৌধুরী টয়া, সাফা কবির প্রমুখরা।

জোভান বলেন, ‘সবকিছু খুব তাড়াহুড়োর মধ্য দিয়ে হয়ে গেছে। আমার ইচ্ছেই ছিল ডেস্টিনেশন ওয়েডিং, শহর থেকে একটু দূরে কোলাহলমুক্ত একটা পরিবেশে কাছের মানুষদের নিয়ে আনন্দ করব। এই কারণেই এরকম একটা প্ল্যান করা।’

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের পর কিছুদিনের জন্য কাজ থেকে একটু বিরতি নিতে চান বলে জানান এ অভিনেতা। তবে এখনই হানিমুনে যাচ্ছেন না। ভালোবাসা দিবসের কাজগুলো শেষ করে ছোট্ট একটা ট্রিপে দেশের বাইরে স্ত্রীকে নিয়ে খানিক সময় কাটাবেন জোভান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত