এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আমীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (২৯ জানুয়ারি) তেজগাঁও থানার বিজয় স্মরণী মোড়ে সিএনজির ভেতর এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভুক্তভোগী অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার শিকার নারীর বয়স ২৭ বছর। তিনি বেসরকারি একটি ভাষা শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থী। তেজগাঁও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল সোমবার বিকেলে ওই শিক্ষার্থী বাসায় ফেরার জন্য ফার্মগেটে অপেক্ষা করছিলেন। এ সময় আমির হোসেনও ওই স্থানে ছিলেন। তখন আমির হোসেন তাকে প্রস্তাব দেন ভাড়া শেয়ার করে যৌথভাবে সিএনজিতে যাওয়ার। যৌথভাবে গেলে ভাড়া কম লাগবে তাই রাজি হন ভুক্তভোগী সে শিক্ষার্থী।
তিনি আরও জানান, ৭০ বছর বয়সী আমির হোসেন তাকে 'মা' ডাকায় তিনিও আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু গাড়িতে উঠেই বৃদ্ধ আমির শিক্ষার্থীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। যৌথভাবে ভাড়ার কথা থাকলেও আমির নিজেই পুরো ভাড়া দিয়ে দেন এবং তার নম্বর দিয়ে দেন। ভুক্তভোগী লোকলজ্জায় কাউকেই কিছু বলেননি।
ওসি জানান, আজ বিকেলে আমির হোসেন আবারও তাকে ফোন দেন এবং একসঙ্গে যাওয়ার প্রস্তাব দেন। পরে তিনি পুলিশে অভিযোগ করলে তেজগাঁও থানার ফার্মগেট মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
