চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় তিনি মারা যান। শামসুল হক ভূঁইয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ও ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে নৌকার কাছে পরাজিত হন। নির্বাচনের পর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৪৮ সালের ১ জুলাই চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শামসুল হক ভূঁইয়া। পড়াশোনা শেষে তিনি প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি ২০০৫ সালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মনোনীত হয়ে এক যুগ দায়িত্ব পালন করেন। তিনি বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সময়ে তিনি আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
ড. মুহাম্মদ শামসুল হক ভূঁইয়া স্বনামধন্য প্রতিষ্ঠান কাউনিয়া শহীদ হাবিব উল্যা উচ্চ বিদ্যালয় এবং উপজেলার একমাত্র অনার্স কলেজ গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা।
পারিবারিক সূত্র এবং ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার জানান, আজ বাদ আছর ঢাকার ইস্কাটন গার্ডেন জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চাঁদপুর জেলা সদর ও ফরিদগঞ্জ উপজেলায় নিজ গ্রামের নামাজে জানাজা সময় পরবর্তীতে জানানো হবে।