আবার মুক্তি পেল ‘১৯৭১ সেই সব দিন’

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৯ পিএম

দর্শকদের অনুরোধে আবার মুক্তি পেল সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হকের পরিচালনায় এটি মুক্তি পায় গত বছর ১৮ আগস্ট। 

অভিনেতা ও নাট্যকার ড. ইনামুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের এই সিনেমাটি আবারও মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। শুক্রবার (২ ফেবুয়ারি) থেকে সিনেমাটি চলবে স্টার সিনেপ্লেক্সে।

এর আগে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটি ভালো ব্যবসা করে। একইসঙ্গে ছবিটির চাহিদা তৈরি হয় দেশের বাইরের বাঙালিদের নিকট। ফলে যুক্তরাষ্ট্র ও কানাডায় ছবিটি মুক্তি পায়।

নতুন করে ছবি মুক্তি পাওয়া নিয়ে সিনেপ্লক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘সিনেমাটি যখন প্রথম মুক্তি পায় তখন বেশ সাড়া ছিল। সেসময় অন্যান্য সিনেমা থাকার কারণে এর প্রদর্শন বন্ধ করা হয়। সেসময় দর্শকদের অনুরোধও ছিল। আন্তার্জাতিক মাতৃভাষা দিবসের মাস শুরু হয়েছে। এসব চিন্তা থেকেই সিনেমাটি আবার আমরা প্রদর্শন করছি।’

সিনেমার পরিচালক হৃদি হক বলছেন, ছবিটির চাহিদা সবসময় থাকছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হওয়ার দর্শকের প্রতিক্রিয়া ছিল খুবই আবেগপূর্ণ। এছাড়াও নানা সময়ই স্টার সিনেপ্লেক্সে দর্শকরা গিয়ে জানতে চাইতো ‘১৯৭১ সেই সব দিন’ চলছে কি না, চলবে কি না। এসব কথা মাথায় রেখেই হয়তো সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ছবিটি আবার মুক্তি দিয়েছে। 

সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই ‘১৯৭১ সেই সব দিন’র গল্প। তারকাবহুল এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ।

সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক। লিটু আনাম অভিনয়ের পাশাপাশি সিনেমার শিল্প নির্দেশক ও কোরিওগ্রাফির কাজও করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত