জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ (৪৮) ও ইন্টারনেট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মিনারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের মির্জা আজম চত্বর থেকে তাদের আটক করা হয়।
আজ শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকালে প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-১) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।
আটক সহকারী শিক্ষক আবুল আজাদ সরিষাবাড়ি উপজেলার পুগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়রা এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি পূর্ব বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং আটক মোস্তাফিজুর রহমান মিনার ইসলামপুর উপজেলার কান্দারচর ফকির বাড়ির এলাকার মো. ছাবেদ আলীর ছেলে। তিনি ইন্টারনেট ব্যবসায়ী।
গোয়েন্দা পুলিশ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মির্জা আজম চত্বরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাসংক্রান্ত প্রতারকচক্রের এক সহকারী শিক্ষকসহ দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তিনটি প্রবেশপত্র, ৪টি মোবাইল ফোন, একটি ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড এবং বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে নেওয়া এক লাখ টাকা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-১) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, তাদের বিরুদ্ধে সদর থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়। তারা বিভিন্ন পরিক্ষার্থীর কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।
