তানভিরের ঘূর্ণিতে আসরের সর্বনিম্ন পুঁজি চট্টগ্রামের

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪২ পিএম

উইকেট ও কন্ডিশন বিবেচনা দুর্দান্ত বোলিং উপহার দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানস স্পিনার তানভির ইসলাম। তার চার ওভারের এক স্পেলে কাবু হতে হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টপ অর্ডার ব্যাটসম্যানদের। একটি মেডেনসহ মাত্র ১৩ রান খরচায় শিকার করেন চার উইকেট। যা চলতি বিপিএলের দ্বিতীয় সেরা বোলিং নৈপুণ্য। ১২ রানে ৪ উইকেট শিকার করে আসরের সেরা বোলিং নৈপুণ্যের কীর্তি দখলে রেখেছেন নাহিদুল ইসলাম

বল ঘুরিয়েছেন সর্বোচ্চ ৬.১ ডিগ্রি। ইনিংসে ১৮টি ডট বল দিয়েছেন তানভির। ঘূর্ণিতে খাবি খেয়ে ৮ ওভার শেষে ৪৯ রান তুলতেই চট্টগ্রাম হারায় ৫ উইকেট। আর তাদের ইনিংস গুটিয়েছে মাত্র ৭২ রানে। যা চলতি আসরের সর্বনিম্ন স্কোর। বিপিএলের সব আসর মিলিয়ে ৯ম সর্বনিম্ন। চট্টগ্রামে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এটি। ২০১৭ আসরে সিলেটের বিপক্ষে ৬৭ রানে গুটিয়ে গিয়েছিল তাদের ইনিংস।

তানভির প্রথম ওভারে দেন ৬ রান। দ্বিতীয় ওভারে ৪ রানে নেন প্রথম উইকেট। ফেরান আভিষ্কাকে। তৃতীয় ওভার ডাবল উইকেট মেডেন। দীপু ও সৈকত আলি বনেন তার শিকার। শেষ ওভারে তিন রান দিয়ে নেন আরও একটি উইকেট। রিভিউ নিয়েও বোকা বনতে হয় ২০ বলে ২৭ রান করা টম ব্রুস। ব্রুসের ব্যাট থেকেই আসে চট্টগ্রামে সর্বোচ্চ ইনিংসটি।

আসরে ৯ উইকেট নিয়ে এখন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তানভির ইসলাম। ৫ ম্যাচের সবকটিতেই খেলে ইকোনমি ৫.৮১, গড় ১০.৫৫। ।

টানা তিন জয়ের পর গতবারের চ্যাম্পিয়নদের সামনে এসে বিপর্যস্ত হতে হলো চট্টগ্রামকে। জয়ের জন্য লক্ষ্যটিকে সহজই বলা যায় কুমিল্লার সামনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত