অবৈধভাবে মাটি কাটায় কারাগারে সাবেক ইউপি সদস্যসহ ২

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২০ পিএম

বগুড়ার আদমদীঘিতে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় সাবেক ইউপি সদস্যসহ দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নসরৎপুর ইউনিয়নের পুসিন্দা এলাকায় অবৈধভাবে কৃষি জমিতে মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদলতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নসরৎপুর ইউনিয়নের পুসিন্দা গ্রামের জমির মালিক আসাদুজ্জামান (৬৫) ও ছাতিয়াগ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ (৩৮)। 

আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগে পুসিন্দাগ্রামে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে জমির মালিক আসাদুজ্জামানকে তিন মাসের কারাদণ্ড ও সরকারি কাজে বাধা দেওয়াই ছাতিয়ানগ্রামের সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত