ছোট লক্ষ্যে বড় জয় লঙ্কানদের

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৭ পিএম

আফগানিস্তারে বিপক্ষে একমাত্র টেস্টে কলম্বোয় ১০ উইকেটের বড় জয় দিয়ে টেস্ট অধিনায়কত্বের অধ্যায় শুরু করলেন ধনঞ্জয় ডি সিলভা। ইব্রাহিম জাদরানের প্রথম টেস্ট সেঞ্চুরি ও রহমত শাহের ফিফটির সুবাদে দ্বিতীয় ইনিংসে ২৯৬ রান তোলে আফগানরা। তাতে লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৬ রানের। ৪৪ বলেই কোনো উইকেট না হারিয়ে সে লক্ষ্যে পৌঁছায় তারা।

৫৬ রানের লক্ষ্যে নেমে দিমুথ করুনারত্নে ২২ বলে ৩২ ও নিশান মাদুশকা ২৩ বলে ২২ রান করে জয় এনে দেন শ্রীলঙ্কাকে। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে আফগানদের করা ১৯৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪৩৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৪১ রান করে হিট উইকেট আউট হন। দিনেশ চান্দিমালও পান সেঞ্চুরির দেখা। করেন ১০৭ রান। দিমুথ করুনারত্নের ব্যাট থেকে আসে ৭৭ রান। নাভিদ জাদরান পান ৪ উইকেট।

ইনিংস পরাজয় এড়ানোর সামনে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসের উদ্বোধনী জুটিতে ১০৬ রান তোলেন ইব্রাহিম জাদরান ও নুর আলি জাদরান। আফগান টেস্ট ইতিহাসে প্রথম উইকেটে এটিই সর্বোচ্চ জুটি। ৪৭ রানে ফেরেন নুর। দ্বিতীয় উইকেটে রহমত শাহকে নিয়ে আরও একটি শতরানের জুটি গড়েন ইব্রাহিম। রহমত শাহ ৫৪ রানে ফিরলে ভাঙে সে জুটি। নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ১১৪ রানে প্রভাত জয়সুরিয়ার শিকার বনে ফেরেন ইব্রাহিম।

২৩৭ রানে ৩ উইকেট হারানো আফগানরা এর পর গুটিয়ে যায় মাত্র ৫৯ রান যোগ করতেই। প্রভাতে ৫ উইকেট ছাড়া্ও আসিথা ফার্নান্দো ৩টি ও কনকাসন সাব হয়ে নামা কাসুন রাজিথা ২টি উইকেট শিকার করেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত