সংরক্ষিত নারী আসনের ফরম কিনলেন অপু বিশ্বাস

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫০ পিএম

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। এরই মধ্যে আগ্রহীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। মনোনয়ন ফরম তুলতে সেখানে ভিড় করেছেন বিনোদন জগতের অনেকে।

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। মঙ্গলবার সকালে অপু বিশ্বাস মনোয়ন ফরম ক্রয় করতে যান। তার সঙ্গে ছিলেন কয়েকজন শুভাকাঙ্ক্ষী।

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বাঁশ দিয়ে প্রার্থীদের ভেতরে প্রবেশের রাস্তা তৈরি করা হয়েছে। সকাল ১০টায় ফরম বিক্রি শুরু হলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে সমর্থকদের নিয়ে লাইন ধরে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন প্রার্থীরা।

সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। সেসময় বলেছিলেন, ‘আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম। এবারও মনোনয়ন কিনতে চাই।’
তিনি আরও বলেছিলেন, ‘মনোনয়ন পেলে নারীদের নিয়ে কাজ করতে চাই। সবাই জানেন, আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।’ 

ঢাকা কার্যালয়ের ভেতরে দোতলায়, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তিন তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। মনোনয়ন ফরম পূরণ শেষে সব বিভাগের মনোনয়নপত্র নিচ তলায় জমা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আজ এই ফরম তুলতে বিনোদনজগতের অনেক অভিনেত্রীর ভিড় লক্ষ করা গেছে। এর মধ্যে সোহানা সাবা ও অপু বিশ্বাস মনোনয়ন ফরম কিনেছেন। নিপুন আক্তারও মনোনয়ন ফরম কিনেছেন। 

এছাড়াও উর্মিলা শ্রাবন্তী কর মনোনয়ন ফরম ক্রয় করেছেন বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত