ফুটবল নিয়ে যে কথা হলো পাপন-সালাউদ্দিনের

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৭ পিএম

হৃদযন্ত্রের সার্জারি করে বাসায় বিশ্রামে রয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে সেখানে ছুটে যান যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তার বাসভবনে যান মন্ত্রী। সেখানে প্রায় মিনিট বিশেকের মতো একটা বৈঠকও হয়ে যায়। ব্যক্তিগত পর্যায়ের আলোচনার পাশাপাশি ফুটবলের চলমান সংকটের কথাও হয়েছে।

সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথাই জানালেন ৩৩ বছর পর ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়া পাপন। ব্যক্তিগত আলোচনার মধ্যেও ফুটবলের কিছু সমস্যার কথা এসেছে।

পাপন এই প্রসঙ্গে বলেন, ‘কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। উনি সুস্থ হয়ে একেবারে ফিরলে দেখব, এর মধ্যেও বলেছি কিছু কাগজপত্র পাঠাতে। বিশেষ করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেন আর সময় ক্ষেপণ না হয় এবং বিকল্প খেলার জায়গা করা যায় কিনা সেটাও আমার বিবেচনায় রয়েছে।’ চলতি সপ্তাহেই বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে যাবেন পাপন।

বাফুফে সভাপতি হৃদযন্ত্রের সমস্যা অনুভব করে বিজয় দিবসের পর দিনই হাসপাতালে ভর্তি হন। সপ্তাহ দুয়েক হাসপাতালে পর্যবেক্ষণে থেকে বাইপাস সার্জারি হয় ২৮ ডিসেম্বর। জানুয়ারির প্রথম সপ্তাহে বাসায় আসেন। চিকিৎসকের পরামর্শে এখন সীমিত পরিসরে শুভাকাঙ্খীদের সঙ্গে দেখা করছেন।

সালাউদ্দিনকে কাছ থেকে দেখে পাপনের পর্যবেক্ষণ, ‘তিনি যখন অসুস্থ তখন আমি নির্বাচনী ব্যস্ততায় ছিলাম। এরপর ফুটবল ফেডারেশন যখন আমার সঙ্গে সাক্ষাৎ করে তখন তার খোজ নিয়েছি। মাঝে আমি এসিসির সভায় দেশের বাইরে ছিলাম। পরশু দিন যখন শুনলাম এখন সাক্ষাৎ করা যাবে। তখনই বলেছি,‌ পরশু (আজ) দিন আজ যাব। আমি তো আর ডাক্তার না। দেখে ভালো লাগলো হাঁটাচলা করছেন। সুস্থই লেগেছে। তবে এটা সঠিক বড় অপারেশন হয়েছে। রিহ্যাব দরকার আছে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত