ম্যাচটা ছিল অলিখিত সেমিফাইনাল। সেই ম্যাচটাই নেপালকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ ওমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। লিগপর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের বিপক্ষে ৮ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে ভারত।
দুটি দলই আগের দুই ম্যাচে ভুটানকে হারিয়েছে এবং বাংলাদেশের কাছে হেরেছে। গোল গড়ে এগিয়ে থাকায় এই ম্যাচটা থেকে এক পয়েন্ট তুলে নিতে পারলেই ভারতের ফাইনাল নিশ্চিত হতো। তবে শুক্লা দত্তর দল ড্রয়ের জন্য খেলেনি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে চেয়েছে গোল আদায় করতে। তবে প্রথমার্ধে তাদের গোল করতে দেয়নি নেপাল।
গোলের সেই অপেক্ষা শেষ হয় ৫৪ মিনিটে। সিবানি দেবীর ক্রস নেপালের কিপার লিলা জোসী আয়ত্বে নিতে ব্যর্থ হলে প্রায় দূরহ কোণ থেকে নিঁখুত প্লেসিংয়ে গোল করেন নেহা। ৮০ মিনিটে নেহা দ্বিতীয় গোলের দেখা পান। বক্সের বেশ বাইরে থেকে তার প্রচেষ্টা রুখতে পারেননি লিলা।
৮৫ মিনিটে ৩-০ করেন সুলঞ্জনা রাউল। সতীর্থের শট লিলার গ্লাভস গলে বেড়িয়ে গেলে সুলঞ্জানা ফিরতি জালে জড়ান। যোগ করা সময়ে সিন্ডি কোলনে গোল করলে জয়ের আনন্দ বাড়ে ভারতের।
রাতে লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশ খেলবে ভুটা্নের বিপক্ষে।
