কেন্দুয়ায় এক দিনের ব্যবধানে ভাই-বোনের আত্মহত্যা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৯ পিএম

নেত্রকোণার কেন্দুয়ায় এক দিনের ব্যবধানে রাজন মিয়া (১৭) ও পপি আক্তার (১৪) নামের দুই ভাই-বোন আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজন আর রবিবার পপি আত্মহত্যা করে। উপজেলার রোয়াইলবাড়ি ইউপির কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা উপজেলার কুতুবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ও মেয়ে। পপি ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিভিয়াঘাটা ফাজিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী এবং রাজন মিয়া কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্র জানায়, পপি রবিবার সন্ধ্যার দিকে কীটনাশক পান করলে তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত পৌনে ৯টার দিকে সে মারা যায়। মঙ্গলবার দুপুরে নানার বসতঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে মারা যায় কলেজ পড়ুয়া রাজন মিয়া। পরপর ভাইবোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান ভাই-বোনের আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক দিনের ব্যবধানে ভাই-বোন আত্মহত্যার ঘটনাটি মর্মান্তিক। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, দুটি ঘটনার বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে। তাদের আত্মহত্যার বিষয়টি তদন্ত করে পরবর্তী অবস্থান গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত