স্বাগতিকদের কাঁদিয়ে যুব বিশ্বকাপের ৯ম ফাইনালে ভারত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৩ পিএম

যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত অনূর্ধ্ব-১৯ জাতীয় দল। বেনোনিতে প্রোটিয়া যুবাদের দেওয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় শুরুতে চাপে পড়লেও অধিনায়ক উদয় সাহারান ও শচিন ধাসের ১৭১ রানের জুটিতে বৈতরনী পার হয় ভারত।

এদিন টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় ভারত। রাজ লিম্বানির ৩টি, মুশির খানের ২টি এবং সৌমি পান্ডে ও নামান তিওয়ারির ১টি করে উইকেট শিকারের দিনে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ৭ উইকেটে ২৪৪ রানে। হুয়ান ড্রে প্রিটোরিয়াস ৭৬, রিচার্ড সেলেতসোয়ানে ৬৪ ও অধিনায়ক হুয়ান জেমস ২৪ রান করেন।

জবাবে কোয়েনা মাফাকা ও ট্রিস্তান লুসের বোলিং তোপে ভীষণ চাপে পড়ে ভারত। ৩২ রান তুলতেই খোঁয়ায় ৪ উইকেট। সেই পরিস্থিতিতে জুটি গড়েন অধিনায়ক উদয় সাহারান ও শচিন ধাস। ৯৫ বলে ৯৬ রানে থাকতে রান আউটের খপ্পড়ে পড়ে শচিন ফিরে গেলে ভাঙে তাদের ১৭১ রানে জুটি। এর পরও এক প্রান্ত আগলে রাখেন উদয়। স্কোর সমান হওয়ার পর এক রান দূরে থাকতে রান আউট হন তিনিও। করেন ১২৪ বলে ৮১ রান। মাফাকা ও লুস দুজনেই তিনটি করে উইকেট পান। নবমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠল ভারতের যুবারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত