গত জুনে ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপ, নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার। আইসিসির সবশেষ তিনটি বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে উঠল এ দুই দল। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। দলে একটি পরিবর্তন তাদের। টম ক্যাম্পবেলের বদলে এসেছেন চার্লি অ্যান্ডারসন। ভারত আগের একাদশ নিয়েই নামছে।
নবমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনাল খেলতে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত । এ বার জিতলে ছয়বার হবে। ২০১৬ থেকে এই বিশ্বকাপে প্রতি বারই ফাইনালে উঠেছে ভারত। দু’বার জিতেছে, দু’বার হেরেছে। এর আগেও ২০১২ এবং ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। সেই দুইবারেই জিতেছিল ভারত।
অস্ট্রেলিয়া অনেকটা পিছিয়ে, সেটাও অবশ্য নয়। বেনোনির ফাইনালটি হবে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের ষষ্ঠ। এ টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়ন তারা। তবে সর্বশেষ শিরোপাটি সেই ২০১০ সালে। সেবার তাদের নেতৃত্বে ছিলেন মিচেল মার্শ, যিনি এখন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের দায়িত্বে।
প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াও ছেড়ে কথা বলার নয়। সেমিফাইনালে পাকিস্তানকে একাই গুঁড়িয়ে দিয়েছেন টম স্ট্র্যাকার। এ ছাড়া হিউ ওয়েবগেন, হ্যারি ডিক্সন, ক্যালাম ভিডলারের মতো ক্রিকেটারেরা রয়েছেন। নিজেদের দিনে ভারতকে সহজেই মাটিতে নামিয়ে দিতে পারেন তারা।