ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকায় যুদ্ধবিরতির নতুন একটি প্রস্তাবিত চুক্তিতে ইতিবাচক সাড়া দিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী এবং স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।
হামাসের এক জ্যেষ্ঠ নেতার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
এছাড়া আল জাজিরা জানিয়েছে যে, মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে একটি সংবাদ সম্মেলনের সময় হামাসের ইতিবাচক প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি।
তবে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্ততায় যুদ্ধবিরতির চুক্তির কোন বিবরণ প্রকাশ করা হয়নি।
হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন যে যুদ্ধবিরতি প্রস্তাবটির প্রতিক্রিয়ায় তারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানালেও গাজা শহরের পুনর্নির্মাণ, উপত্যকার বাসিন্দাদের বাড়িতে ফিরে আসা এবং গাজার বাসিন্দাদের জন্য কিছু বিষয় সংশোধনের শর্ত যুক্ত করা হয়েছে।
এই কর্মকর্তা আরও বলেন, প্রস্তাবে হামাস আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে শর্ত দিয়েছে যার মধ্যে বিদেশের হাসপাতালে স্থানান্তর করার কোথাও উল্লেখ রয়েছে।
যুদ্ধবিরতির প্রস্তাবটি প্রায় এক সপ্তাহ আগে হামাসের কাছে পাঠানো হলেও সংগঠনটি রয়টার্সকে জানায় যে তাদের প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার পর্যন্ত সময় লেগেছে কারণ প্রস্তাবের কিছু অংশ "অস্পষ্ট" ছিল।
এই চুক্তি সম্পর্কে এখনও বিস্তারিত তেমন কিছু না জানা গেলেও কেবল এটুকু জানা গেছে যে চুক্তিতে ৬ মাসের যুদ্ধবিরতি এবং আরও বেশি সংখ্যক জিম্মি-বন্দি বিনিময় প্রস্তাব করা হয়েছে।
এদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দুইপক্ষই বলেছে যে তারা হামাসের জবাব পর্যালোচনা করছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যে একটি ঝটিকা সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বিবিসিকে তিনি জানিয়েছেন, হামাসের প্রতিক্রিয়ার প্রসঙ্গে ইসরায়েলের অবস্থান জানতে বুধবার রাষ্ট্রটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত দক্ষিণ লেবাননের এক লাখ মানুষ