বান্ধবীর ছবি-ভিডিও ছড়ানোয় তুহিনের ৬ বছরের জেল

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৭ পিএম

বান্ধবীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপরাধে এক কলেজছাত্রকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই যুবককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মিজান আলী তুহিন (২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাতরা গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মামলার বাদী ও আসামি দুজনই রাজশাহী নিউ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। সেই সুবাদে তাদের সাথে একটি সম্পর্ক গড়ে ওঠে। এ সময় তুহিন ওই ছাত্রীর কিছু গোপন ছবি ও ভিডিও সংরক্ষণ করে রাখে। এরপর তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু ওই ছাত্রী রাজি না হয়ে ২০২২ সালের নভেম্বরে অন্যত্র বিয়ে করে। এরপর থেকেই তুহিন ফেসবুকে ভুয়া আইডি খুলে ওই ছাত্রীর ছবি ও ভিডিও ছড়াতে থাকে।

এ ঘটনায় গত বছরের ৫ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের কারেন ভুক্তভোগী কলেজছাত্রী। সেই মামলার রায় ঘোষণা করা হয়েছে আজ বুধবার।

রায় ঘোষনার সময় আসামি আদালত উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত