ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা হলেন কয়েদি মোহসিন (৪০) ও হাজী মো. হারুন (৬৫)।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে মোহসিনকে ও আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে হারুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, মোহসিনের বাসা রাজধানীর ওয়ারীর বনগ্রাম এলাকায়। বাবার নাম মোবারক। হত্যা মামলায় যাবজ্জীন সাজাপ্রাপ্ত ছিলেন তিনি। কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কয়েদি হারুনের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার নওগা গ্রামে। বাবার নাম মৃত বাহার উদ্দিন। এনআই এ্যাক্টের মামলায় এক বছরের বিনাশ্রম সাজাপ্রাপ্ত ছিলেন তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
