স্ত্রীর হাত-পা বেঁধে চোখের সামনেই ফাঁস নিলেন স্বামী

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৬ পিএম

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে তার চোখের সামনেই আত্মহত্যা করেন হৃদয় হাসান (২৪) নামের এক যুবক। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শ্রীপুর পৌরসভার মসজিদ মোড় এলাকার আফাজ উদ্দিনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটেছে।

শ্রীপুর মডেল থানার এসআই এনায়েত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, হৃদয় মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পাড়িঘাটা গ্রামের শাহিন পিঞ্জরের ছেলে। ঘটনাস্থলে ছিলেন তার স্ত্রীর নাম আর্জিনা। এটি হৃদয়ের দ্বিতীয় বিয়ে। তার কাপড়ের ব্যবসা ছিল।

আর্জিনার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে বাবার বাড়ি থেকে ওই বাসায় আসেন আর্জিনা। খবর পেয়ে রাতে হৃদয় আসেন। ঘটনার সময় হৃদয় প্রথমে আর্জিনার বাম হাত, পরে ডান হাত খাটের সঙ্গে বেঁধে ফেলেন। এরপর দুই পা বেঁধে ফেলে মুখে কাপড় গুঁজে দিয়ে আত্মহত্যার জন্য ঘরে ফ্যানের হুকে ওড়না বাঁধতে থাকে। এ সময় আর্জিনা চিৎকার শুরু করলে তার মুখের ভেতর গুঁজে দেওয়া কাপড় বের হয়ে যায় কিন্তু হৃদয় ফের তার মুখে গেঞ্জি গুঁজে দেন। এরপরই হৃদয় আর্জিনার সামনেই ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। পরে আর্জিনার ডাক চিৎকারে কিছু সময় পর স্থানীয়রা ফ্ল্যাটের দরজা ভেঙে হৃদয়ের ঝুলন্ত মরদেহ এবং আর্জিনাকে হাত-পা বাঁধা ও মুখে কাপড় গুজে দেওয়া অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হৃদয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

আর্জিনা বলেন, আমি তার সম্পর্কে সব জেনেই বিয়ে করেছি। এ নিয়ে আমাদের মাঝে কোনো সমস্যা ছিল না। কি কারণে এমনটি করলো আমি বুঝে উঠতে পারছি না।

শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আজগর বলেন, এমন একটি ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করেছে। স্বজনদের সাথে কথা বলে পুলিশ ব্যবস্থা নেবে।

শ্রীপুর মডেল থানার এসআই এনায়েত কবির বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত