শেষ পর্যায়ে শীত। এরপর গরমে বাড়বে বিদ্যুতের ব্যবহার। এরই মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিয়ে শঙ্কায় ভোক্তারা। যদিও মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হচ্ছে, আসছে গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের।
এরই মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে নতুন পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। চলতি সেচ মৌসুমে বিদ্যুৎ সাশ্রয়ে কৃষকদেরকে অফ-পিক আওয়ারে সেচ যন্ত্র পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছে। অর্থাৎ রাত ১১টার পর থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত সেচ কার্যক্রম চালাতে পারবেন কৃষকরা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল বিভাগ এক তথ্যবিবরণীতে এ কথা জানায়। ওই তথ্যবিবরণীতে সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, আসছে গ্রীষ্মে জ্বালানির জন্য অর্থ সংকট হবে না। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আশ্বাস মিলেছে। এ ছাড়া, দেশে গ্যাস অনুসন্ধানের জন্যও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এদিকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের জন্য গ্যাস ও তেল কিনতে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ। সচিবালয়ে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশনের (আইটিএফসি) সঙ্গে এ সংক্রান্ত চুক্তি করেছে জ্বালানি বিভাগ। যার মধ্যে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার দেবে বাংলাদেশ ব্যাংক এবং ৮০০ মিলিয়ন ডলার দেবে আইটিএফসি। এর মধ্যে ৫০০ মিলিয়ন ডলার ব্যবহার হবে এলএনজি কিনতে। বাকি অর্থ ব্যবহার হবে জ্বালানি তেল কিনতে।
স্ত্রীর হাত-পা বেঁধে চোখের সামনেই ফাঁস নিলেন স্বামী
বান্ধবীর ছবি-ভিডিও ছড়ানোয় তুহিনের ৬ বছরের জেল