মেশিনে চুল বেঁধে প্রাণ গেল নারী শ্রমিকের

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২২ পিএম

জামালপুর পৌর শহরের এলাকায় একটি প্লাস্টিক কারখানায় রিসাইক্লিং মেশিনে চুল আটকে শিলা আক্তার (৪০) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের চন্দ্রা বাইপাস সড়কের পাশে মেসার্স মোস্তাকিন প্লাস্টিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিলা আক্তার সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গহেড়পাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে এই কারখানায় কাজ করতেন।

প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কারখানাটির ভেতরে রিসাইক্লিং মেশিনে প্লাস্টিক কাটার কাজ করছিলেন শিলা আক্তার। এ সময় অসাবধানতার বসে মেশিনের ভেতরে তার মাথার চুল বেঁধে যায়। পরে মেশিনের ভেতর ঢুকে যায় তার দেহ। আশে পাশে থাকা শ্রমিকরা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কারখানাটির বৈধতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত