ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামাসের দেয়া প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্ত প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এছাড়া কয়েক মাসের মধ্যে গাজায় "সম্পূর্ণ বিজয়" সম্ভব বলেও মন্তব্য করেছেন নেতানিয়াহু। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে হামাসের শর্ত প্রত্যাখান করে নেতানিয়াহু বলেন, "সম্পূর্ণ এবং চূড়ান্ত বিজয় ছাড়া অন্য কোনো সমাধান নেই।"
এ সময় তিনি হামাসের দেয়া শর্তকে উদ্ভট হিসাবে বর্ণনা করেন। তিনি আরও বলেন, ‘হামাস যদি গাজায় টিকে থাকে তবে পরবর্তী গণহত্যা সময়ের ব্যাপার মাত্র।‘
ধারণা করা হয়েছিল ইসরায়েল হামাসের পাল্টা প্রস্তাব বিবেচনায় নিলে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে, তবে ইসরায়েলি কর্মকর্তারা স্পষ্টতই হামাসের শর্ত সাপেক্ষে যুদ্ধ শেষ করার প্রচেষ্টাকে একেবারে অগ্রহণযোগ্য হিসাবে দেখছেন।
হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্স নিউজ এজেন্সিকে বলেন, ‘নেতানিয়াহুর মন্তব্য রাজনৈতিক সহিংসতার রূপ এবং এতে প্রমাণ করে যে তিনি এই অঞ্চলে সংঘাত চালিয়ে যেতে চান।‘
গাজায় যুদ্ধ বন্ধে তিন ধাপে ১৩৫ দিনের চুক্তির প্রস্তাব দিয়েছে হামাস। প্রস্তাবে বলা হয়েছে, হামাসের হাতে জিম্মি সব ইসরায়েলিকে ছেড়ে দেওয়া হবে। বিনিময়ে যুদ্ধবিরতির মধ্যেই গাজা পুনর্গঠনের কাজ শুরু করতে হবে, ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নিতে হবে এবং উভয় পক্ষ বন্দি ও মৃতদেহ বিনিময় করবে।
এদিকে একটি মিশরীয় সরকারী সূত্র বিবিসিকে জানিয়েছে যে মিশর এবং কাতারের মধ্যস্থতায় একটি নতুন দফা আলোচনা বৃহস্পতিবার কায়রোতে হওয়ার কথা রয়েছে।
মিশর সব পক্ষকে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় নমনীয়তা দেখানোর আহ্বান জানিয়েছে।
গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস