বৈশ্বিক গণমাধ্যম ও থিংক-ট্যাংক

পাকিস্তানে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নওয়াজ শরিফ

  • প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট লিখেছে যে, আজকের নির্বাচনে নওয়াজ শরিফ ক্ষমতায় না আসাটাই আশ্চর্যজনক হবে
  • মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ব্রুকিংস ইনস্টিটিউশন বলছে এই নির্বাচন পুরোটাই নওয়াজ শরীফের পক্ষে রয়েছে
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৬ পিএম

২০২৪ সালের সাধারণ নির্বাচনে চতুর্থবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন পাকিস্তান মুসলিম লীগের নেতা নওয়াজ শরিফ। এমনটাই ধারণা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বৈশ্বিক গণমাধ্যমগুলো এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো।

প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট লিখেছে যে, আজকের নির্বাচনে নওয়াজ শরিফ ক্ষমতায় না আসাটাই আশ্চর্যজনক হবে। চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসলে নওয়াজ শরিফ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার করার সুযোগ পাবেন যার কারণে তিনি ২০১৭ সালে প্রধানমন্ত্রীত্ব হারিয়েছিলেন।

সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে যে, প্রধানমন্ত্রী হলে নওয়াজ শরিফকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের মুখোমুখি হতে হবে।

এদিকে ইউএস টিভি ব্লুমবার্গ জানিয়েছে যে, ‘গত সপ্তাহে করাচিতে পাকিস্তানের অভিজাত ব্যবসায়ীদের এক সমাবেশে সাক্ষাৎকারে বেশিরভাগই একটি দুর্বল জোট সরকার গঠন হতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন। তাদের বেশিরভাগেরই ধারণা, সেই জোট সরকার নওয়াজ শরিফের নেতৃত্বেই হবে - অথবা তার ভাই শেহবাজের নেতৃত্বেও হতে পারে।’

ব্রুকিংস ইনস্টিটিউশনের পররাষ্ট্র নীতির ফেলো মাদিহা আফজালের মতে, ‘প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফ যদি নির্বাচিত হন, তাহলে শক্ত পাকিস্তানের অর্থনৈতিক সমস্যা, মুদ্রাস্ফীতি এবং শক্তিশালী সামরিক বাহিনীর সাথে সম্পর্ক পরিচালনা করা নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়বেন তিনি।‘

মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ব্রুকিংস ইনস্টিটিউশন বলছে এই নির্বাচন পুরোটাই নওয়াজ শরীফের পক্ষে রয়েছে।

এদিকে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ‘নির্বাচনী প্রচারণায় এগিয়ে ছিলেন নওয়াজ শরিফ। সাবেক এই প্রধানমন্ত্রী পুনরায় নির্বাচিত হলে এটি হবে নওয়াজের জন্য উল্লেখযোগ্য রাজনৈতিক প্রত্যাবর্তন।’

সিএনএন আরও বলেছে, ‘তবে নির্বাচিত হলে নওয়াজ শরিফকে শক্তিশালী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারির কাছ থেকে।‘

বার্তাসংস্থা এপি বলছে যে, ‘পাকিস্তানের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে বন্দি থাকায়   শরীফের আরেকটি জয়ের ভবিষ্যদ্বাণী করেছেন বিশ্লেষকরা।‘

রুশ সংবাদমাধ্যম স্পুটনিক রিপোর্ট করেছে, ‘নির্বাচনের পর নতুন নেতাকে দেশের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট এবং ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ সমস্যা মোকাবিলা করতে হবে। এই অভ্যন্তরীণ সমস্যাগুলো পাকিস্তানের পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করতে পারে, বিশেষ করে পাকিস্তানের প্রতিবেশী এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অংশীদারদের সাথে দেশটির সম্পর্কের ক্ষেত্রে এটি প্রভাবিত হতে পারে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ লিখেছে, ‘সাবেক প্রধানমন্ত্রী (নওয়াজ শরিফ) এবারের নির্বাচনে জোরালো লড়াইয়ের পরিবর্তে নতুন করে সরকার গঠনের আশা করছেন বলে মনে হচ্ছে। কারণ তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইমরান খানকে শাস্তির আওতায় ফেলে আটকে রাখা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত