শুল্ক কমায় আগামী সপ্তাহের মধ্যে ভোজ্যতেল ও চিনির নতুন দাম নির্ধারণ হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আজ বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তেল-চিনির মূল্য নির্ধারণ নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, তেল ও চিনির মূল্য আমাদের ট্যারিফ কমিশন নির্ধারণ করে দেয়। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমদানিকারক এবং উৎপাদনকারীদের সঙ্গে বসে যৌক্তিক পর্যায়ে নতুন শুল্কের প্রভাব অনুযায়ী দাম নির্ধারণ করে দেব। রমজান উপলক্ষে সেই দামে বিক্রি হবে।
উৎপাদনকারী ও আমদানিকারকদের উদ্দেশ্যে তিনি বলেন, যে মালামাল ট্রানজিটে আছে সেগুলো দ্রুত খালাস করে বাজারজাত করার আহ্বান জানাচ্ছি। যাতে শুল্ক সুবিধা সাধারণ ভোক্তা পর্যায়ে যায়।
তিনি আরও বলেন, আমরা এনবিআরের সঙ্গে কথা বলব। উৎপাদক যারা আছেন তারা কবে মাল আনছেন সে হিসাব করে আগামী সপ্তাহের মধ্যে বসে নতুন শুল্কের যে হিসাব সে অনুযায়ী মূল্য নির্ধারণ করে দেব।
জনগণকে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এবার একটু আমাদের ওপর আস্থা রাখেন, আগে যেভাবে সরকারের পক্ষ থেকে বলার পরও দাম কমেনি সেটা আর হবে না। এ ক্ষেত্রে গণমাধ্যমেরও দায়িত্বশীল হতে হবে।
মেলায় আসছে মিজান মালিকের কাব্যগ্রন্থ মায়াতন্ত্র
চাল-তেল-চিনি-খেজুরে কর কমাল এনবিআর