দ্বাদশ জাতীয় সংসদের ৪৮টি সংরক্ষিত মহিলা আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ১৫৪৯ জন। প্রতিটি আসনে ৩২ জনের বেশি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে দলটির আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা। এবার ৫০টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ৪৮টি।
আজ বৃহস্পতিবার বিকেল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত মঙ্গলবার থেকে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ, যা শেষ হয়েছে বৃহস্পতিবার বিকাল ৪টায়। শেষ দিন সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ২১৭টি, তাতে দলটি আয় করেছে ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা। দ্বিতীয় দিন বুধবার (৭ ফেব্রুয়ারি) ৫২২ জন ফরম কিনেছেন। এতে দলটির আয় হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা। প্রথম দিন ফরম বিক্রি হয় ৮১০টি, যাতে আয় হয় ৪ কোটি টাকা ৫ লাখ টাকা।
তিন দিনে ফরম সংগ্রহ করাদের মধ্যে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের সাবেক নেত্রীসহসহ অন্যান্য সংগঠনের পদধারীরা রয়েছেন। এই তালিকায় মন্ত্রী-এমপিদের স্ত্রী, আইনজীবী, অভিনেত্রী, এনজিও কর্মকর্তা, হিজড়াসহ বিভিন্ন পেশার নারীরা আছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম মিলছে। আর সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হচ্ছে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায়।
এবার সংরক্ষিত আসনে আওয়ামী লীগের প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা, যা একাদশ জাতীয় সংসদের ক্ষেত্রে ছিল ৩০ হাজার টাকা। ফলে গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের ক্ষেত্রে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একটা বড় দল সবাই মনোনয়ন চাইতে পারে। কিন্তু সবাইকে তো আর মনোনয়ন দেওয়া সম্ভব না। মনোনয়ন দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংরক্ষিত আসনে তাদেরই মূল্যয়ান করা হবে যারা, ত্যাগী-যোগ্য এবং দলের জন্য কাজ করেছেন। আমাদের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পর থেকেই পরবর্তী নির্বাচন নিয়ে কাজ শুরু করে দেন। জেলা সফরে গিয়েও যোগ্য কাউকে দেখলে তার নাম লিখে রাখেন। সময়মতো সেটা কাজে লাগান।’
এদিকে, মঙ্গলবার সংরক্ষিত ৫০টি মহিলা আসনের বণ্টন প্রশ্নে ইসি সচিব জানিয়েছেন, আওয়ামী লীগকে স্বতন্ত্র প্রার্থীরা তাদের অংশের নারী প্রার্থীর জোট করে দিয়েছে। জাতীয় পার্টি তাদের ১১টি আসনে এককভবে নির্বাচন করবে। ফলে আইন অনুযায়ী, জাতীয় পার্টি পাবে দুটি আসন এবং আওয়ামী লীগ স্বতন্ত্র ও তাদের ১৪ দলীয় জোট পাবে ৪৮টি আসন। এই বিভাজন অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ও বাছাইসহ পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন আগামী ১৪ মার্চ নির্ধারণ করে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ আগামী ১৮ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। আপিল দায়ের ২২ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ হবে ১৪ মার্চ। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মনিরুজ্জামান এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছে।
মিয়ানমারের সংঘর্ষে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৩৩০ জন
২৪ ঘণ্টায় আরও ৩৩ জন করোনা আক্রান্ত
চৌদ্দগ্রামে ২৫ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার