সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদের করা মামলায় জাতীয় পার্টির (রওশনপন্থি) মহাসচিব কাজী মামুনুর রশীদের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করেছেন আদালত।
বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন এরিক এরশাদের আইনজীবী অ্যাডভোকেট টিপু। তিনি বলেন, ২০২২ সালে এই মামলাটি দায়ের করা হয়। এরিক এরশাদের বাসা প্রেসিডেন্ট পার্ক থেকে এরশাদ ট্রাস্টের ১০০ পিস প্যাড, ট্রাস্টের গুরুত্বপূর্ণ কিছু চিঠি, ও ব্যাংকের একটি চেক বহির ১২টি চেক নিয়ে আর ফেরত দেননি। ঘটনার সময় তিনি এই ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে কাজী মামুনুর রশীদ দেশ রূপান্তরকে বলেন , বিষয়টি আমি শুনেছি, কিন্তু বিস্তারিত জানি না।
এরিক এরশাদের ব্যক্তিগত সহকারী ড. মোর্শেদ মঞ্জুর বলেন, বারবার চাওয়ার পরও এই ডকুমেন্টগুলো কাজী মামুন ফেরত না দেওয়ায় আমরা আদালতের শরণাপন্ন হই।
