রসুনের দাম আকাশছোঁয়া। তাই সোনা ছেড়ে বস্তা বস্তা রসুন চুরি করছে চোররা। গত কয়েক সপ্তাহ ধরেই ভারতের মহারাষ্ট্র, গুজরাত ও মধ্যপ্রদেশে রসুনের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। তবে সম্প্রতি মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে বস্তা বস্তা রসুন চুরি করার এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যায়, উজ্জয়িনীতে এক কৃষকের জমি থেকে চার-পাঁচ বস্তা রসুন চুরি করে পালাচ্ছে চোর। মাঝ রাতেই হয়েছে গোটা চুরির ঘটনাটি। রাত ১০টার দিকে জমিতে পাহারা দিচ্ছিলেন কৃষক। পরের সপ্তাহেই জমির সব রসুন বিক্রি করে দেবেন বলে ভেবেছিলেন ওই কৃষক। রসুনের বাজারমূল্য এখন অনেকটাই বেশি, তাই ভাল উপার্জনের আশা করেছিলেন তিনি। তবে চোরের উপদ্রবে চাষির সমস্ত পরিকল্পনাই ভেস্তে গেল। সকালে উঠে তিনি দেখেন, মাঠে আর রসুনের চিহ্নমাত্র নেই।
শুধু মধ্যপ্রদেশেই নয়, আমদাবাদেও একই রকম একটি ঘটনা ঘটেছে। চোরেরা একটি কৃষি উৎপাদন ও বাজার কমিটি থেকে প্রায় ১৪ বস্তা রসুন চুরি করেছে বলে জানিয়ে ভারতের সংবাদমধ্যমগুলো। প্রতিটি বস্তার ওজন ছিল প্রায় ১৮০ কেজি। পাইকারি বাজারে যার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।