বিপিএলে দ্বিতীয় জয় চট্টগ্রাম আবাহনীর, তৃতীয় শেখ জামালের

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৭ম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। ২-১ ব্যবধানে তারা হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। আসরে নিজেদের তৃতীয় জয় পেয়েছে শেখ জামাল। ফাহিমের একমাত্র গোলে তারা হারায় ফর্টিসকে। মোহামেডানের কাছে আগের ম্যাচে হারের পর বাংলাদেশ পুলিশকে ৩-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। 

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী আতিথ্য দেয় শেখ রাসেল ক্রীড়া চক্রকে। প্রথমার্ধ গোলশূন্য কাটানোর পর দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি কিক পায় চট্টগ্রাম আবাহনী। দুর্দান্ত শটে প্রায় গোল করেই বসেছিলেন চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়। তবে তা হতে দেননি শেখ রাসেল গোলরক্ষক মিতুল মারমা। কপাল মন্দ হলে যা হয়, তার ঠেকিয়ে দেওয়া বল হেড করে পরেরবার জালে পাঠান সোহেল রানা।

চট্টগ্রাম আবাহনী দ্বিতীয় গোলটি আদায় করে নেয় দারুণ দলীয় বোঝাপড়ায়। ৭০তম মিনিটে নিজেদের অর্ধ থেকে লম্বা পাসে বল আসে রাইট উইঙ্গারের পায়ে। সেখানে থেকে মাঝ মাঠে মাইনাস করে দেন তিনি। এরপর ওয়ান টু ওয়ান পাসে বল নিয়ে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে বল বাড়িয়ে দেন গোলের বাম প্রান্তে। ছুটে এসে শুধু প্লেস করে বল জালে পাঠান রিয়াজ সাগর।

৮৯ মিনিটে আবাহনীর জমির উদ্দিন ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেলেমানি ল্যান্ড্রির নেওয়া স্পট কিক শেষ সময়ের স্বান্তনারূপে একটি গোলশোধ হিসেবেই থেকে যায় শেখ রাসেলের জন্য। যোগ করা সময়ে আক্রমণ আরও জোরালো করলেও ম্যাচে সমতা আনতে পারেনি তারা। উল্টো আশরাফুল ইসলাম রানার দক্ষতায় নিশ্চিত আরও একটি গোল হজম করা থেকে রক্ষা পায় শেখ রাসেল।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মুখোমুখি হয় ফর্টিস এফসি। এ ম্যাচেও প্রথমার্ধ ছিল গোলহীন। দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে কাউন্টার অ্যাটাকে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন ডিফেন্ডার আল আমিন। গোলের কাছাকাছি পৌঁছে গোলরক্ষককে ফাঁকি দিয়ে হাল্কা পাস দেন ফাহিমকে। ফাহিম লক্ষ্যভেদ করে এগিয়ে নেন শেখ জামালকে।

ওই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে চট্টগ্রাম আবাহনী, পাঁচে শেখ জামাল। ৬ পয়েন্ট নিয়ে আটে ফর্টিস, নয়ে শেখ রাসেল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত